মনোনয়ন প্রাপ্তি উৎসবে সীতাকুণ্ড মহাসড়ক অংশে দীর্ঘ যানজট
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
প্রায় এক সপ্তাহ সময় ধরে ঢাকায় অবস্থান করে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের একক প্রার্থী মনোনীত হয়ে নিজ নিজ এলাকায় ফিরছেন প্রার্থীরা। এমন সংবাদের ভিত্তিতে বুধবার(১৩ অক্টোবর) বিকালের পর থেকে নিজ নিজ এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীদের নেতাকর্মীরা মহাসড়কে জড়ো হতে থাকে বিশাল বিশাল শোডাউন নিয়ে। প্রার্থীরা তাদের নিবার্চনী এলাকায় মহাসড়ক হয়ে গাড়ি থেকে নামামাত্র নেতাকর্মীরা মহাসড়ক দখল করে নৌকার মনোনয়ন প্রাপ্তিতে উৎসবে মেতে উঠেন প্রার্থীর সমর্থকরা। এ সময় মহাসড়কে চট্টগ্রাম মুখি লাইনে দূরপাল্লার গাড়িগুলো আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের অনুরোধ করে মহাসড়ক থেকে নামিয়ে দিলে ধীরে ধীরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে পড়ে। এসময় তীব্র যানজটে গাড়িতে আটকা পড়ে শত শত দূর-দূরান্তের মানুষ। এ বিষয়ে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে প্রার্থীরা আসার খবরে মহাসড়কে নিজ নিজ এলাকার নেতাকর্মীরা জুড়ো হওয়ার কারণে খানিকটা যানজট লেগে যায়। অবশ্যই পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে নেতাকর্মীদের অনুরোধ করলে উনারা মহাসড়ক থেকে নেমে পড়ার পর পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে পড়ে। উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নের সৈয়দপুর থেকে সলিমপুর পর্যন্ত পুরোটাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝ দিয়ে অতিবাহিত হয়েছে। নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীদের নিজ নিজ এলাকার নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করার কারণে এই যানজট। নৌকা প্রতিকের প্রার্থীরা হলেন-১নং সৈয়দপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ২নং বারৈয়াঢালা বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন, ৪নং মুরাদপুর ইউনিয়নে নতুন মুখ সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম রেজাউল করিম বাহার, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ৭নং কুমিরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ৮নং সোনাইছড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃমনির আহমেদ, ৯নং ভাটিয়ারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন ও ১০নং সলিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ।

 

নিউজটি শেয়ার করুনঃ