শিক্ষার আলোকবর্তিকা জ্বালাতে পটিয়ায় ‘মরিয়ম খাদেমী’ পাঠাগারের উদ্বোধন

“যত বেশি বই পড়বে শিক্ষার্থীরা, ততই প্রসারিত হবে চিন্তার জগৎ’ এমপি এনামুল হক এনাম”

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক ‘মরিয়ম খাদেমী’ পাঠাগার। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম সোমবার (২৪ আগস্ট) বিকেলে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রায় ৭ লাখ টাকারও বেশি ব্যয়ে তরুণ সমাজকর্মী বাহাদুর খাদেমীর ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এই পাঠাগারকে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস ও সৃজনশীল চিন্তার সঙ্গে পরিচিত হতে হলে নিয়মিত পাঠাগারমুখী হতে হবে। তিনি বলেন, “একজন শিক্ষার্থী যত বেশি বই পড়বে, তার চিন্তার জগৎ তত বিস্তৃত হবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সে তত বেশি প্রস্তুত হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক আধুনিক পাঠাগার সময়ের অপরিহার্য দাবি। পাঠাগার কেবল বই পড়ার স্থান নয়; এটি একটি জাতির মেধা, মনন, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ গঠনের অন্যতম ভিত্তি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকসহ শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাদক, কিশোর গ্যাং, সহিংসতা ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়লে তাদের সৃজনশীলতা, যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ আরও বিকশিত হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি এনামুল হক এনাম ফিতা কেটে ‘মরিয়ম খাদেমী’ পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পাঠাগারের বিভিন্ন বই ও সুবিধা ঘুরে দেখেন। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ পটিয়ার শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুনঃ