চট্টগ্রামে আন্তঃজেলা ও জেলা রুটে বাসভাড়া পুনর্নির্ধারণ “কিলোমিটারপ্রতি ভাড়া ২.৪০ টাকা”

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের আন্তঃজেলা ও জেলা সড়কপথে চলাচলকারী ৫১ ও ৪০ আসনবিশিষ্ট বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের আলোকে ২৩ সেপ্টেম্বর-২০২৬ থেকে নতুন ভাড়ার তালিকা কার্যকর হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪০ পয়সা।

একই সঙ্গে নির্দিষ্ট টোল সেতু বা সড়ক ব্যবহারকারী রুটগুলোতে পৃথকভাবে টোল যোগ করে চূড়ান্ত ভাড়া আদায়ের বিধান রাখা হয়েছে।

অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৬ (০৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে জারি করা প্রজ্ঞাপন নং-৩৫.০০.০০০০.০২০.২৬.০০৫.১৬-৫৪০ অনুযায়ী চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনাল থেকে কক্সবাজার বাস স্টেশন, বান্দরবান বাস স্টেশন, বাঁশখালী বাস স্টেশন, বরকল বাস স্টেশন, বৈলতলী বাস স্টেশন, মহেশখালী বাস স্টেশন পর্যন্ত রুট নেটওয়ার্কে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নির্ধারিত দূরত্বের ভিত্তিতে এ ভাড়া গণনা করা হয়েছে।

(টোল যুক্ত হওয়ার নিয়ম)

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব রুটে টোল প্রযোজ্য সেখানে মোট ১৫৫ টাকা টোল ৭০ শতাংশ যাত্রী ধারণক্ষমতার ভিত্তিতে ভাগ করে আদায় করা হবে। ৫১ আসনের বাসে জনপ্রতি টোল, ৪.৩৪ টাকা। ৪০ আসনের বাসে জনপ্রতি টোল, ৫.৫৩ টাকা। এই টোল মূল ভাড়ার সঙ্গে যুক্ত হয়ে চূড়ান্ত ভাড়া নির্ধারিত হবে।

(যাত্রীদের জন্য স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা)

নতুন ভাড়ার তালিকা অনুযায়ী পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিটি বাসে ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা রয়েছে। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রজ্ঞাপনের আলোকে নির্ধারিত ভাড়া কার্যকর হলে যাত্রী ও পরিবহন মালিক-উভয় পক্ষের মধ্যে ভাড়া নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি কমবে। একই সঙ্গে নির্ধারিত ভাড়া কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তদারকি জরুরি বলে মনে করছেন সচেতন যাত্রীরা।

(নতুন ভাড়ার মূল বিষয়গুলো এক নজরে)

কার্যকরঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬।

ভাড়ার হারঃ প্রতি কিলোমিটার ২.৪০ টাকা।

রুটঃ চট্টগ্রাম বদ্দারহাট বাস টার্মিনাল থেকে কক্সবাজার বাস স্টেশন, বান্দরবান বাস স্টেশন, বাঁশখালী বাস স্টেশন, বরকল বাস স্টেশন, বৈলতলী বাস স্টেশন, মহেশখালী বাস স্টেশন বাসের।

ধরনঃ ৫১ ও ৪০ আসনবিশিষ্ট বাস।

টোলঃ প্রযোজ্য রুটে পৃথকভাবে যুক্ত হবে সর্বোচ্চ ভাড়া ৫১ ও ৪০ আসনে।

নিউজটি শেয়ার করুনঃ