সীতাকুণ্ডে দুর্ঘটনায় পুরাতন জাহাজ ভাঙা কারখানার শ্রমিক নিহত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানায় মোঃ মনির আহমেদ (৩৬) নামে এক শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকালে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের সাগর উপকূলে অবস্থিত এন.বি শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সলিমপুর গ্রামের মৃত মুনছুর আহমেদের ছেলে। জানা যায়, সকালে ইয়ার্ডে কাজ করার সময় একটি লোহার প্লেট মনিরের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। বিষয়টি স্বীকার করে এন.বি শিপব্রেকিং ইয়ার্ডের সত্বাধিকারী মোঃ তছলিম উদ্দিন বলেন, সকালে ইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার আঘাত পান এক শ্রমিক। আমরা সাথে সাথে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২ টার দিকে তিনি মারা যান।বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সলিমপুর এলাকায় একটি জাহাজ ভাঙা কারখানায় এক শ্রমিক নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ