সীতাকুণ্ডে পুলিশের পৃথক অভিযানে লোহা চোর চক্রের ৬সদস্য গ্রেফতার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আলাদা স্থান থেকে ২শ ৮০ কেজি চোরাই লোহাসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। বিষয়টি গত রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত)সুমন বণিক জানান, গাড়ী থেকে লোহা চুরির কয়েকটি অভিযোগ পেয়ে বিশেষ অভিযানে নামে পুলিশ।গত শুক্রবার ও শনিবার রাতে উপজেলার ভাটিয়ারীর বিএম গেট সংলগ্ন মহাসড়ক ও ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার বিএসআরএম গেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রমজান (২৬), মোঃ বিপ্লব (২৫), আপন দাস (২২), রমজান আলী (২২), নিজাম উদ্দীন চৌধুরী(২১) ও শয়ন দাস(২০)। তিনি আরও জানান, গাড়ী থেকে লোহা চুরির অভিযোগ পেয়ে শুক্রবার রাতে ভাটিয়ারীর বিএম গেট এলাকার পশ্চিম পাশের মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় চোরাইকৃত লোহা এবং লোহা বহনকারী একটি রিক্সাসহ চোর চক্রের সদস্য আপন, শয়ন দাস ও নিজাম উদ্দীনকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ চক্রের আরো কয়েকজন সদস্য পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কাজে মোট ৮জন জড়িত থাকার তথ্য মিলেছে। অন্যদিকে পরদিন শনিবার রাতে উপজেলার বার আউলিয়া বিএসআরএম এক নম্বর গেটে লোহা চুরির সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় চোরাই লোহাসহ চোর চক্রের সদস্য মোঃ রমজান, বিপ্লব ও রমজান আলীকে গ্রেফতার করা হয়। দুটি পৃথক অভিযোনে মোট ছয় জন লোহাচোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে লোহা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাছাড়া তাদের সিন্ডিকেটে জড়িত আরো অনেকের পরিচয় জানিয়েছে। গ্রেফতারকৃত এবং পলাতক আসামী সকলের নামে থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ