সীতাকুণ্ডে সমুদ্র থেকে অবৈধ বেহুন্দি জাল এবং জাটকা ইলিশ জব্দ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র থেকে অবৈধ বেহুন্দি জাল এবং জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।সরকারী অর্থায়নে চাল আর গরুর বাছুর পেয়ে নিষিদ্ধ সময়ে সমুদ্রে মাছ না ধরার প্রতিশ্রুতি দিয়েছিল উপজেলার বিভিন্ন পল্লীর জেলেরা। দিন পেরুতে না পেরুতেই নিষিদ্ধ বেহুন্দি জাল নিয়ে সমুদ্রে নেমে পড়ে কিছু জেলে। তবে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। শুক্রবার (২০মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও কুমিরা নৌ পুলিশের একটানা অভিযানে জব্দ হয়েছে সমুদ্রের আধা কিলোমিটার জুড়ে তাদের পাতা বেহুন্দি জাল আর তাতে ধরা পড়া ২ কেজি জাটকা।

উপজেলা মৎস্য অধিদপ্তর বলছে, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ২০মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময়ে জেলেদের জন্য মানবিক দিক চিন্তা করে সরকারের পক্ষ থেকে ৮০ কেজি করে চাল, খাদ্যসহ গরুর বাছুর বিতরণ করা হয়েছে। সরকারী সহযোগিতা পেয়ে জেলেরা কথাও দিয়েছিলেন সমুদ্রে জাল পাতবেন না। কিন্তু তারা সে কথা রাখেনি। উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী জানান, নিষিদ্ধ সময়ে সমুদ্রে কোনোভাবে মাছ ধরা যাবেনা।বিষয়টি আমরা সার্বিকভাবে নজরদারীতে রাখছি। দুপুরের পর অভিযানে গিয়ে সমুদ্রে পাতা বেহুন্দি জাল আর জাটকা মাছ জব্দ করা হয়েছে। আমাদের এ অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুনঃ