চট্টগ্রাম’র কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাসহ অনেকগুলো যানবাহন দুমড়েমুচড়ে গেছে। এতে অনেকেই হতাহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে (পূর্ব প্রান্তে) এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তুষার (২৯), নামে এক অটোরিকশাচালক ও দুই বছর বয়সী আয়েশা নিহত এবং গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তির করা হয়েছে। যারমধ্যে তিনজন হলেন, বোয়ালখালী থানার আহলা দরবার শরিফ এলাকার বাবুল আহমেদের ছেলে আরিফ উদ্দিন বাপ্পি (৩৪), আসিফ উদ্দিন (৩০), মেয়ে আসমা আহমেদ (২৫), স্ত্রী আঞ্জুম আরা বেগম (৫৫) এবং তৌহিদ (৩৬)।আর নিহত তুষার বোয়ালখালীর উত্তর গোমদন্ডী ২ নং ওয়ার্ড বাংলা পাড়ার মুহাম্মদ আবুল মনসুরের একমাত্র ছেলে।অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দুর্ঘটনায় নিহত এক শিশুকে কাঁধে নিয়ে এক যুবককে আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে গগনবিদারী আর্তনাদ করতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে তিনি ওই কন্যা শিশুর পিতা সাজ্জাদুন নূর। তার কন্যার শিশুর নাম আয়েশা, একমাত্র সন্তান। স্ত্রী-কন্যাকে নিয়ে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন পেশায় গ্রাফিক ডিজাইনার সাজ্জাদুন। পরিবার নিয়ে ঈদ উদ্‌যাপন করতে অটোরিকশা নিয়ে বোয়ালখালীর পূর্বগোমদণ্ডী ইউনিয়নস্থ গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় তাদের অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় সাজ্জাদুন নূর ও তাঁর স্ত্রী জুবাইয়া ইসরা বেঁচে গেলেও প্রাণ হারায় দুই বছর বয়সী আয়েশা। দুর্ঘটনার পর আয়েশা ও তার মাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আয়শাকে মৃত ঘোষণা করেন। তার মাকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।ওই হাসপাতালে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সন্তান হারানোর শোকে আহাজারি করছেন সাজ্জাদুন নূর। বারবার বলছিলেন, ‘আমার মেয়েটা কী দোষ করেছে? আমি হয়তো গুনাহ করেছি, আমার ৩০ বছর বয়স হয়েছে। আমার দুই বছরের বাচ্চাটা কী করেছে।’ একটি পানির বোতল দেখিয়ে তিনি আরও বলেন, ‘মেয়েটা পানি খেতে চেয়েছিল, তাই বোতল কিনেছি। এখন সব শেষ।’ জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসেছে ৭টা ৪৫ মিনিটের দিকে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে যায় অটোরিকশাসহ কিছু মোটরসাইকেল। তখনই দ্রুত গতিতে আসা ওই ট্রেনের সাথে সংঘর্ষ হয়। একজন প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক জানান, ব্রিজের পশ্চিম পাড় (শহরের অংশ) থেকে লাইন চলছে পূর্ব পাড়ের (বোয়ালখালী অংশ) দিকে। কক্সবাজার থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে পূর্ব পাড়ে লাইনম্যানের নির্দেশে। কারণ তখনও গাড়ি যাচ্ছিল বোয়ালখালীর দিকে। শেষ ৫-৬ টা অটোরিকশাসহ কিছু মোটরসাইকেল ব্রিজের ওপর থাকাকালে ট্রেনটি চলতে শুরু করলে ওইসব যানবাহনগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। তিনি জানান, লোকজনের কি হয়েছে জানিনা তবে গাড়িগুলো দুমড়ে-মুচড়ে নিয়ে আসে। ওই অটোরিকশা চালক নিজেও পাঁচ যাত্রীকে বাঁচিয়েছেন বলে জানান। কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতদের উদ্ধার কাজ চলমান রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিমাণ জানা নেই।চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত পাঁচজনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে জানালিহাট স্টেশনমাস্টার মো. নেজাম উদ্দিন জানান, পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ছেড়ে আসে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং রাত ১০টায় কালুরঘাট সেতু এলাকায় পৌঁছায়। সে সময় সেতুর ওপর একাধিক সিএনজি ও মোটরসাইকেল অবস্থান করছিল। একটি যানবাহন নষ্ট হয়ে যাওয়ায় বাকিগুলো আটকে ছিল। স্টেশনমাস্টার আরও জানান, নিয়ম অনুযায়ী ট্রেনটি সেতুর পূর্ব প্রান্তে দাঁড়িয়ে লাইনম্যানের সংকেত পাওয়ার পর অগ্রসর হওয়ার কথা। কিন্তু ট্রেনটি সংকেত না নিয়েই দ্রুতগতিতে সেতুতে উঠে যায়। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, দুর্ঘটনায় আয়েশা নামের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ