টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা দুর্ভোগে নগরবাসী আজও বৃষ্টির সম্ভাবনা

হোসেন মিন্টুঃ

টানা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। ঘরবাড়ি, দোকানপাট ও সড়কে পানি জমে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, ইপিজেড, বন্দরটিলা, সিমেন্ট ক্রসিং, নিউমুরিং, সল্টগোলা, রেয়াজুদ্দিন বাজার, মুরাদপুর, চকবাজার, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, হালিশহরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে যায়।

এদিকে, কাতালগঞ্জে বাসাবাড়ির সামনে নৌকা চলতে দেখা গেছে। অনেক এলাকায় শিক্ষার্থী ও কর্মজীবীরা হাঁটু পানির মধ্যে ভিজে গন্তব্যে পৌঁছায়। অনেক সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভাড়ার অজুহাতে রিকশা ও সিএনজিচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

পানি ঢুকেছে ঘর-বাড়ি ও দোকানে

চকবাজার, কাপাসগোলা, রেয়াজুদ্দিন বাজার, আতুরার ডিপো, পাঠানটুলী, পাঁচলাইশ, জিইসি, আগ্রাবাদ, একে খান গেইট, জেমসেন লেন, জুবিলি রোডসহ অনেক এলাকায় বাড়িঘর ও দোকানে পানি ঢুকে পড়ে। গোলাম রসুল মার্কেটের নিচতলায়ও পানি ঢুকে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে আমবাগান পর্যবেক্ষণ কেন্দ্র ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, আজও সন্ধ্যা ৬টা পর্যন্ত দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় পাহাড় ধসের শঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।

পাহাড় ধস ও গাছ পড়ে ক্ষয়ক্ষতি

লালখান বাজার ওয়ার্ডের মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে দুটি ঘরের ছাদে গাছ পড়ে। তবে সময়মতো বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় কেউ হতাহত হননি। ইপসা সংস্থার কর্মকর্তা সানাজিদা আকতার জানান, স্থানীয় স্বেচ্ছাসেবক ও সিটি কর্পোরেশনের সহায়তায় দ্রুত ইভাকুয়েশন করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

নগরবাসীর ক্ষোভ ও মতামত

স্থানীয় বাসিন্দা মো. হোসাইন জানান, ইপিজেডের ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যায়, ফলে স্বাভাবিক চলাচলে চরম ভোগান্তি হয়। কাপাসগোলার বাসিন্দা শাহেদ বলেন, “প্রতিবারই ভারী বৃষ্টিতে এলাকা ডুবে যায়, খাল সংস্কার না করায় জলাবদ্ধতা আরও প্রকট হচ্ছে।”মুরাদপুর এলাকার পথচারী মনজু বলেন, “এবার পানি জমলেও দ্রুত নেমে গেছে, আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।”

নিউজটি শেয়ার করুনঃ