চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর নেভি হাসপাতাল গেট এলাকার ওভারব্রিজে প্রতিদিনই ঝুঁকিপূর্ণ চলাচল

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে নেভি হাসপাতাল গেট এলাকার ফুটওভারব্রিজটি এখন পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টি ও উন্নয়নকাজের কারণে ফুটওভারব্রিজটির সংযোগ পথ নষ্ট হয়ে গেলেও দীর্ঘদিন ধরে তা পুনঃনির্মাণ বা মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এই ব্রিজ ব্যবহার করে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা।

স্থানীয়রা জানান, সংযোগ পথের অভাবে অনেককেই ঝুঁকি নিয়ে লাফিয়ে লাফিয়ে ওঠানামা করতে হয়, যা অত্যন্ত বিপজ্জনক। অথচ এই ওভারব্রিজটির কাছেই রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, হাসপাতাল, মাতৃসদন ক্লিনিক, নাবিক কলোনি, বিশাল জামে মসজিদ এবং দুটি কবরস্থানসহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত মানুষ এই ফুটওভারব্রিজ ব্যবহার করেন।

এদিকে, কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে হাসপাতাল গেট এলাকার পূর্ব পাশে মাজার বাড়ি, বন্দরটিলা থেকে সিমেন্ট ক্রসিং মোড় পর্যন্ত রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকে। এতে করে চলাচলে আরও ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ফুটওভারব্রিজটি সংস্কার এবং সংযোগ সড়ক পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ