কর্ণফুলী টানেলে বাস উল্টে দুর্ঘটনা ৫ জনের অধিক আহত ২-৩ জন আশঙ্কাজনক

হোসেন মিন্টু,চট্টগ্রামঃ

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভিতরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ৫ জনের অধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারাগামী একটি বাস টানেলের ভিতরে প্রবেশ করার পর এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও টানেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বাসটির গতি অতিরিক্ত ছিল। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি টানেলের দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে যাত্রীদের অনেকে আহত হন এবং কয়েকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

কর্ণফুলী টানেলের টোল ও ট্রাফিকের সহকারী প্রকৌশলী গোলাম সামদানী হিমেল দৈনিক নব দেশ বার্তাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই টানেল নিরাপত্তা টিম ও অ্যাম্বুলেন্স এসে আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, “আহতদের মধ্যে কারও বড় ধরনের অভ্যন্তরীণ আঘাত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে।”

দুর্ঘটনার কারণে টানেলের ওই অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের অনেকেই দক্ষিণ পতেঙ্গার ডুরিয়া পাড়ার বাসিন্দা। তারা দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে রিজার্ভ বাসে করে আনোয়ারা যাচ্ছিলেন। পথে কর্ণফুলী টানেলের ভিতরে এই দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুনঃ