সিইপিজেডে আদমস টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নিখোঁজ ২-৩ শ্রমিক

হোসেন মিন্টু, দৈনিক নব দেশ বার্তাঃ

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আদমস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ৫ নম্বর সড়কে অবস্থিত তোয়ালে উৎপাদনকারী এই কারখানায় আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সিইপিজেড, বন্দর, আগ্রাবাদ ও কেইপিজেড স্টেশনের মোট ৯টি ইউনিট প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা চেষ্টা করেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম দৈনিক নব দেশ বার্তাকে জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই জরুরি ভিত্তিতে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতির ভয়াবহতা বেড়ে যাওয়ায় রাত সাড়ে আটটার দিকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ ফায়ার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা শুরু করে।

এদিকে এখনো পর্যন্ত কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও কারখানার কয়েকজন শ্রমিক জানান, অন্তত ২-৩ জন নারী শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের ফলে কারখানাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ