নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
রাজিবুল ইসলাম বাবু,নাটোরঃ
নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান সাগর (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের শাহপাড়া গ্রামের রাজমিস্ত্রী মোশারফ হোসেনের ছোট ছেলে। সে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখাপড়ায় মেধাবী সাগর বরাবরই শ্রেণিতে প্রথম স্থান অধিকার করত। ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা, শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
নিহতের বাবা মোশারফ হোসেন জানান, “২৬ অক্টোবর আমি স্ত্রী ও সাগরকে নিয়ে নানার বাড়ি মৌখড়ায় বেড়াতে যাই। মঙ্গলবার সকালে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। পথে জানতে পারি আমার কলিজার টুকরা আর বেঁচে নেই।”
সাগরের নানা মো. সাইদ আলী বলেন, “সাগর তার মামাতো ভাই ও খালাতো বোনের সঙ্গে গোসল করতে নামে। কিছুক্ষণ পর অন্যরা এসে জানায় সাগর পানিতে ডুবে গেছে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে মৌখড়া মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পরে মৌখড়া গ্রামে প্রথম জানাজা শেষে মঙ্গলবার সন্ধ্যায় জামনগর শাহপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর রৌসুনগিটি পাড়া কেন্দ্রীয় কবরস্থানে সাগরকে দাফন করা হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

