রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

রিয়াজুল হক সাগর, রংপুরঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় মাকে নির্মমভাবে হত্যার দায়ে ছেলে মো. জামিল মিয়া ওরফে ভেলন (২২)-কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণঃ দায়রা মামলা নং-১১৩৪/২০২৩ (সূত্র: জি.আর. মামলা নং-৯২/২০২২ এবং কাউনিয়া থানার মামলা নং-১২, তারিখ ২৫/০৮/২০২২) অনুযায়ী, আসামি জামিল মিয়া তাঁর মা জামিলা বেগমকে হত্যা করে বসতঘরের ভেতর পুঁতে রাখেন।

পারিবারিক মনোমালিন্যের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে জামিল মিয়া ঘুমন্ত অবস্থায় মায়ের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার বিষয়টি গোপন রাখতে ঘরের মেঝে খুঁড়ে লাশ পুঁতে রাখেন। কয়েকদিন পর দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা সন্দেহবশত খোঁজ শুরু করেন এবং মাটির নিচ থেকে লাশ উদ্ধার হয়। নিহতের ভাই ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

রায়ের বিস্তারিতঃ রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. আফতাব উদ্দিন, আর আসামিপক্ষে দায়িত্ব পালন করেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন।

প্রতিক্রিয়াঃ রাষ্ট্রপক্ষের পিপি মো. আফতাব উদ্দিন বলেন, “একজন ছেলের হাতে মায়ের মৃত্যু মানবিকতার চরম অবক্ষয়। আদালত দৃষ্টান্তমূলক এই শাস্তির মাধ্যমে প্রমাণ করেছেন-অপরাধ করে কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

আসামিপক্ষের আইনজীবী মো. শামীম আল মামুন বলেন, “আজকের এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।”

রংপুর জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম বলেন, “এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা ছিল। দ্রুত রায় ঘোষণায় জনমনে স্বস্তি ফিরেছে।”

নিউজটি শেয়ার করুনঃ