চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোসেন মিন্টুঃ

“এমআরপি বাস্তবায়ন ও ২৫% কমিশন বৃদ্ধিসহ ৭ দফা দাবি”

ঔষধ ব্যবসায়ীদের ৭ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর বন্দর-ইপিজেড-পতেঙ্গা এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খাঁন মো. সাইফুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি বাবুল লাল কান্তি, সদস্য মো. শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন রাসেল, উপদেষ্টা সদস্য রতন দাশ, ডা. পি.কে দাশ, মো. আব্দুল কাদের জিলানী, মো. মেজবাহ উদ্দিন, নারায়ণ চন্দ্র দাশ, সিনিয়র সদস্য মো. নূরুল আলম সিদ্দিক, বন্দর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ইপিজেড ঔষধ ব্যবসায়ী সমিতির বাবলা দাশ ও পরিমল চন্দ্র দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, সরকার ঘোষিত এমআরপি বাস্তবায়ন, কোম্পানির কমিশন ১২% থেকে ২৫% বৃদ্ধি, ফার্মেসি কোর্স ছাড়া ঔষধ বিক্রি বন্ধ, ড্রাগ লাইসেন্সবিহীন দোকান পরিচালনা বন্ধ, অযাচিত ভোক্তাধিকার ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ, এবং ঔষধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ ৭ দফা দাবির বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে।

তারা আরও জানান, এসব দাবি পূরণ না হলে একদিনের দোকান বন্ধ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হতে পারে। তবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আশ্বাসে আগামীকালের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে বিসিডিএস নেতৃবৃন্দ জানান।

সভা শেষে সভাপতি খাঁন মো. সাইফুল জানান, দ্রুত সময়ের মধ্যেই সংগঠনের সাধারণ সভা আহ্বান করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ