চট্টগ্রামে তিন স্থানে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামে পৃথক তিনটি স্থানে সাম্প্রতিক গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সন্ত্রাসবিরোধী পৃথক তিনটি অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর জনসংযোগ কর্মসূচিতে ঢুকে পড়ে সশস্ত্র সন্ত্রাসীরা। জনসমাগমের ভেতর থেকে তারা সরওয়ার হোসেন বাবলাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি চালায়। এতে বাবলাসহ এরশাদ উল্লাহ ও আরও একজন গুলিবিদ্ধ হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ নভেম্বর সকালে চান্দগাঁও থানাধীন হাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৭ এর সদস্যরা মো. আলাউদ্দিন ও মো. হেলাল নামের দুই আসামিকে গ্রেফতার করে।

এর আগে ৬ নভেম্বর রাতে বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি এলাকায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবন্ধী রিকশাচালক মো. ইদ্রিসকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার মূল হোতা হিসেবে শনাক্ত মো. আরমান আলী রাজ (২৭)-কে রউফাবাদ আবাসিক এলাকা থেকে রাত ১২টা ১০ মিনিটে গ্রেফতার করে র‌্যাব।

একই রাতে রাউজান থানাধীন কোয়েপাড়া এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। ঘটনার পর সশস্ত্র একটি দল চকবাজার থানার চন্দনপুরা এলাকার একটি ভবনে আশ্রয় নিয়েছে-এমন তথ্যে র‌্যাব রাত ১টা ৪০ মিনিটে অভিযান চালায়। এসময় গ্রেফতার করা হয় ইসতিয়াক চৌধুরী অভি (৩৮), মো. জনি (৩৮) ও মাহমুদুল হক জ্যাকি (৩৫)-কে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ