মদুনাঘাটে ব্যবসায়ী আবদুল হাকিম হত্যা রহস্য উদঘাটন
মদুনাঘাটে ব্যবসায়ী আবদুল হাকিম হত্যা রহস্য উদঘাটন
হোসেন মিন্টুঃ
“৬ আসামি গ্রেফতার, বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও মোটরসাইকেল উদ্ধার।”
চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট এলাকায় ব্যবসায়ী আবদুল হাকিম হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় মোট ৬ জন আসামিকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ৭ অক্টোবর ২০২৫ তারিখে সকালে ব্যবসায়ী আবদুল হাকিম নিজ প্রাইভেটকারযোগে হামিম এগ্রো ফার্মে যান। বিকেলে চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা তার গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাকিমকে হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।
একাধিক অভিযানে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর রাউজান থানাধীন বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়া এলাকা থেকে আবদুল্লাহ খোকন (প্রকাশ ল্যাংড়া খোকন)-কে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী ২ নভেম্বর রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে মো. মারুফকে গ্রেফতার করে পুলিশ। মারুফের স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত অস্ত্রের অবস্থান জানা যায়, যা অপর আসামি মো. সাকলাইন হোসেনের হেফাজতে ছিল।
পরবর্তীতে ৪ নভেম্বর রাতে বিশেষ অভিযানে নোয়াপাড়া এলাকা থেকে সাকলাইনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এরপর রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৯ নভেম্বর রাতে জেলা পুলিশ নোয়াপাড়া চৌধুরীহাটের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে অভিযান চালায়। সেখানে থেকে হাকিম হত্যায় ব্যবহৃত বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল, ৪টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি চায়না রাইফেল, ১টি শর্টগান, ৪৯ রাউন্ড রাইফেলের গুলি (৭.৬২), ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ,
১৯ রাউন্ড পিস্তলের গুলি (৭.৬৫), ৭টি ম্যাগাজিন,
২টি দেশীয় রামদা, ১টি রকেট ফ্লেয়ার, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট৷ ২৫০ গ্রাম গাঁজা (আনুমানিক), নগদ ৯৬ হাজার টাকা, অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়, যারা ঘটনাটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।
বালুমহল নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তারই ছিল মূল কারণ, জবানবন্দি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাউজান থানাধীন বালুমহল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এ পর্যন্ত পুলিশের তৎপরতায় মোট ৬ জন আসামি গ্রেফতার হয়েছে। তারা হল, মো. আবদুল্লাহ খোকন (প্রকাশ ল্যাংড়া খোকন), মো. মারুফ, জিয়াউর রহমান, মো. সাকলাইন হোসেন, মো. সাকিব ও শাহেদ।
পুলিশের টহল ও অভিযান অব্যাহত, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে নোয়াপাড়া, চৌধুরীহাট ও আশপাশের এলাকায় চেকপোস্ট স্থাপন, টহল, বিশেষ অভিযান এবং রাত্রীকালীন সাঁড়াশি তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

