কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালী থানার মেরিনার্স রোডের ওমর আলী মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই তারেকুল ইসলাম, এএসআই সোহেল আহাম্মদ ও এএসআই শাহ পরান জান্নাতসহ পুলিশের একটি টিম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ মেরিনার্স রোড এলাকায় চেকপোস্ট বসায়।

সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার দিক থেকে আসা ঢাকা মেট্টো গ-৩৭-১৮৪৯ নম্বরের একটি প্রাইভেটকার থামার সংকেত দিলে চালক গাড়িটি কিছুটা দূরে থামিয়ে দ্রুত পালিয়ে যায়। যানজটের কারণে পুলিশ তাকে আটক করতে পারেনি। পরবর্তীতে গাড়িটি হেফাজতে নেওয়া হয় এবং প্রত্যক্ষদর্শী, স্থানীয় জনতা ও উপস্থিত সংবাদকর্মীদের সামনে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ব্রেক ঢালের ভিতরে একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ থেকে ১০টি বড় প্যাকেটে মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় গাড়ির ভেতর থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং সংশ্লিষ্ট চালক ও মালিকদের পরিচয় শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্রঃ কোতোয়ালী থানা পুলিশ, সিএমপি।

নিউজটি শেয়ার করুনঃ