কাজ না করে সরকারি টাকা লোপাটের অভিযোগ চট্টগ্রামের লোহাগাড়ার
কাজ না করে সরকারি টাকা লোপাটের অভিযোগ চট্টগ্রামের লোহাগাড়ার
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বায়ারপাড়া হাতিরডেবা জব্বারের ভাঙা এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিরুদ্দে নির্মিত কালভার্টসংলগ্ন রাস্তা সংস্কারে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পাঁচ লাখ ৫০ হাজার টাকার সরকারি বরাদ্দের এক টাকাও কাজে ব্যয় হয়নি। কাগজে-কলমে প্রকল্প দেখিয়ে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) নগদ টাকা প্রথম ও দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন খাত থেকে ‘চরদ্ধা জব্বারের ভাঙা রাস্তা নির্মাণ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের সভাপতি ছিলেন চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য শওকত ওসমান। ব্যয় নির্ধারিত ছিল পাঁচ লাখ ৫০ হাজার টাকা।
সরেজমিন দেখা যায়, কালভার্টের দুপাশের প্রায় ৩০০ ফুট রাস্তা সম্পূর্ণ ভাঙাচোরা, কাদামাটিতে ভরা এবং যাতায়াতের অযোগ্য। কোথাও মাটি ভরাট, সলিং বা ইটের খোয়ার কোনো চিহ্ন নেই। স্থানীয়দের বক্তব্য, প্রকল্পটি কাগজে দেখানো হলেও রাস্তায় কখনো কোনো শ্রমিকের উপস্থিতি দেখা যায়নি।
স্থানীয় কৃষক আবদুল মোমিন বলেন, “রাস্তা সংস্কারের খবর শুনে খুশি হয়েছিলাম। কিন্তু পরে দেখি, রাস্তায় তো হাতই দেওয়া হয়নি। মানুষের কষ্ট না দেখলে বোঝা যায় না।” বয়োবৃদ্ধ সিরাজ মিয়া বলেন, “সরকার এলাকার উন্নয়নের জন্য টাকা দিয়েছে, আর দায়িত্বে যারা আছেন তারা নিজেরাই পকেট ভরছেন। এটা লোহাগাড়ার জন্য লজ্জার।”
এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে এ রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। কৃষিপণ্য বাজারে নেওয়া, দৈনন্দিন চলাচল-সবই ঝুঁকি আর ভোগান্তিতে পরিণত হয়।
অভিযোগের বিষয়ে প্রকল্প সভাপতি ইউপি সদস্য শওকত ওসমান দাবি করেন, “বর্ষাকালে রাস্তা করেছিলাম। পানির স্রোতে আবার ভেঙে গেছে। দরকার হলে আবারো করে দেব।”
এ বিষয়ে চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আলম বলেন, “কাজ হয়নি কেন-এটা শওকত মেম্বারের বিষয়। তিনি সভাপতি, তিনিই জানবেন।” তবে স্থানীয়দের প্রশ্ন-যে রাস্তা কখনোই করা হয়নি, তা ভাঙল কীভাবে?
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহম্মেদ জাকির জানান, তিনি শুনেছেন রাস্তা তৈরি করা হয়েছিল, পরে নষ্ট হয়েছে। সভাপতি জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি পুনরায় কাজ করবেন।
এ ঘটনায় এলাকাবাসীর দাবি, প্রকল্পের সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
Admin
এ সংক্রান্ত আরো খবর

