চিকিৎসা সংকটে অসহায়দের আশ্রয় জেলা প্রশাসকের গণশুনানি

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের বাঁশখালী থানার ডোংরা গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষিকা নাছরীন আকতার-তিন বছরের ছেলে ও ছয় বছরের একটি মেয়েকে নিয়ে যে সংসার সুখের স্রোতে ভেসে চলছিল, ২০২১ সালে হঠাৎ করেই তা থেমে যায়। সেই বছরই ধরা পড়ে তাঁর দুই কিডনি বিকল। শারীরিক দুর্বলতার কারণে ডায়ালাইসিস করাও সম্ভব হচ্ছিল না। চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। ব্যয়বহুল এ চিকিৎসার খরচ জোগাতে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনায় কোনোভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

এ অবস্থায় নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার গণশুনানির খবর শুনে বুধবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন তিনি। তাঁর আবেদন মনোযোগ দিয়ে পড়ে জেলা প্রশাসক সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে আর্থিক সহায়তার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে নাছরীন আকতারকে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

নাছরীন আকতার বলেন, “করোনায় স্বামীর ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় আমাদের পুরো সংসার আমার আয়ে চলত। ২০২১ সালের শেষ দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নয়াদিল্লির ফরটিজ হাসপাতালের চিকিৎসায় গত চার বছর পার করেছি। সম্প্রতি ক্রিয়েটিনিন ১০.৪৯ ও ইজিএফআর ৪ হওয়ায় ডাক্তাররা দ্রুত প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এখন চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে, আমি জীবন-মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি।”

জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে তিনি আরও জানান, ডিসি শুধু নগদ সহায়তাই দেননি; সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তার ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন।

উক্ত গণশুনানিতে আরও কয়েকজন অসুস্থ সেবাপ্রত্যাশী আর্থিক সহায়তা পান।

আনোয়ারা উপজেলার পারৈকোরা ইউনিয়নের তাতুয়া গ্রামের মো. আবদুস সালাম জানান, দীর্ঘদিন ধরে হার্ট, ফুসফুস ও কোমরের ব্যথায় ভুগছেন তিনি। অর্থের অভাবে চিকিৎসা নিতে ব্যর্থ হওয়ায় গণশুনানিতে আবেদন করেন। আবেদন করার দিনই সহায়তা পেয়ে আবেগভরে বলেন, “ডিসি স্যার গরিবের কথা শুনেছেন। এখন অন্তত নিয়মিত চিকিৎসা নিতে পারবো।”

রাঙ্গুনিয়া উপজেলার ২নং হোসনাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের হোটেল কর্মচারী মো. আবদুল মজিদ লিভার ও কিডনি রোগে আক্রান্ত। অল্প বেতনে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে চিকিৎসার ব্যয় বহন অসম্ভব হয়ে পড়েছিল। তিনিও জেলা প্রশাসকের সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

২০২০ সালের ১১ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাটহাজারীর এ কে এম ফজলুল কাদেরের ডান হাত ও পা প্যারালাইজড হয়ে যায়। দীর্ঘ চিকিৎসায় পরিবার ঋণে জর্জরিত হয়। গণশুনানিতে উপস্থিত হয়ে তিনিও জেলা প্রশাসকের মানবিকতা ও ভদ্র আচরণের প্রশংসা করেন।

গণশুনানিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে আগত ৩০ জন সেবাপ্রত্যাশীর আবেদন, অভাব ও অভিযোগ শোনেন। তিনি তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং অন্যান্য আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেবাপ্রত্যাশীদের অবহিত করার নির্দেশনা প্রদান করেন।

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকের এ উদ্যোগ জনসাধারণের মধ্যে স্বস্তি ও আস্থার এক নতুন বার্তা বয়ে এনেছে।

নিউজটি শেয়ার করুনঃ