রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপির সদস্য সচিব
রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপির সদস্য সচিব
রিয়াজুল হক সাগর,রংপুরঃ
রংপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়ার ঘটনায় শুরু হয়েছে আলোচনা। কমিটিতে তাঁর নাম ঘোষণার পর থেকেই শিক্ষকের কর্মস্থল নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নগরীর মাহিগঞ্জ এলাকার ভিআইপি শাহাদাৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন বর্তমানে ওই বিদ্যালয়েই কর্মরত। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঘোষিত ৭০ সদস্যবিশিষ্ট এনসিপির রংপুর জেলা আহ্বায়ক কমিটিতে তাঁকে সদস্য সচিব করা হয়। দলটির একাধিক নেতা জানান, গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি নাগরিক কমিটির সঙ্গে যুক্ত এবং এনসিপির গঠনকাল থেকে সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন।
তবে প্রধান শিক্ষক এরশাদ হোসেন নিজেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচয় দিতে নারাজ। তিনি বলেন, “আমি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত নই, আমি হাইস্কুল শাখায় আছি। আপনাদের সঙ্গে পরে বসব।”
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “এরশাদ হোসেন ভিআইপি শাহাদাৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কর্মরত নন-এমন দাবি যদি করে থাকেন, তা সত্যিই বিস্ময়ের। কেউ যদি আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
জানতে চাইলে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা বলেন, “আমি জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। জেলার বিষয়ে দায়িত্বে ছিলেন আসাদুল্লাহ আল গালিব। আমরা আমাদের নিজ নিজ অংশে কাজ করেছি।”
এ বিষয়ে জানতে এনসিপির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
Admin
এ সংক্রান্ত আরো খবর

