চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসছে—মেয়র শাহাদাত
চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসছে—মেয়র শাহাদাত
রাসেল মামুন,বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম, ৮ ডিসেম্বর ২০২৫, চট্টগ্রাম শহরের যোগাযোগব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শিগগিরই ৪০ থেকে ৫০টি সড়ক, ফুটওভারব্রিজ ও বিভিন্ন স্থাপনা উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি আরও ৩৬টি প্রকল্পের দরপত্র মূল্যায়ন চলছে এবং প্রায় আড়াইশ থেকে তিনশ কোটি টাকার নতুন প্রকল্পের এস্টিমেট প্রস্তুত করা হচ্ছে।
মেয়র বলেন, “আমি চট্টগ্রামে কোনো ভাঙা সড়ক দেখতে চাই না। যোগাযোগব্যবস্থা হবে একেবারে নতুন আঙ্গিকে।”
প্রকৌশল বিভাগের সঙ্গে সমন্বয় সভা, টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মেয়র। সভায় তিনি ৬টি জোনের নির্বাহী প্রকৌশলীদের কাছ থেকে ওয়ার্ডভিত্তিক হালনাগাদ তথ্য নেন এবং দ্রুততা, স্বচ্ছতা ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ওয়াসা স্যুয়ারেজ প্রকল্পে সমন্বয়ের নির্দেশ, ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কারণে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন মেয়র। তিনি বলেন, “অতীতে সমন্বয়ের অভাবে চসিকের নির্মিত অনেক সড়ক ওয়াসা কেটে ফেলেছে। এখন আর সেটা হতে দেওয়া যাবে না।”
তিনি জানান, কোন কোন সড়ক কাটার সম্ভাবনা রয়েছে তা ওয়াসার সংশ্লিষ্টদের কাছ থেকে আগেভাগেই জানতে হবে। বিশেষ করে কোতোয়ালীর আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক এলোমেলোভাবে কেটে ফেলা হলে তীব্র যানজট তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি।
দেওয়ানহাট ব্রিজ পুনর্নির্মাণের প্রয়োজন, সভায় মেয়র দেওয়ানহাট ব্রিজের অবস্থা জানতে চাইলে প্রকৌশলীরা জানান, ব্রিজটি অনেক পুরাতন ও ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে ট্রাফিক ডাটা সংগ্রহ করা হয়েছে। কত গাড়ি প্রতিদিন ব্রিজ পার হয়—তা পর্যালোচনা করে সিডিএর সঙ্গে আলোচনা করে পুনর্নির্মাণ বা বিকল্প কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হবে।
৪১ ওয়ার্ডে ৪১টি মাঠ মেয়র বলেন, চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে একটি করে মাঠ উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে চসিক কাজ করছে। বর্তমানে ১১টি মাঠের উন্নয়নকাজ চলমান। শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলোর সংস্কারের প্রয়োজনীয়তাও দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।
মহসিন কলেজের মাঠের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠানের মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মেয়র।
চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠসহ বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের পতিত জায়গাকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করারও নির্দেশনা দেন তিনি।
ফুটওভারব্রিজে প্রতিবন্ধকতা দূর করার নির্দেশ, বিদ্যুৎ পোল ও লাইনের কারণে ফুটওভারব্রিজ ও সড়কে চলাচলে বাধা সৃষ্টি হলে পিডিবির সঙ্গে দ্রুত সমন্বয়ের নির্দেশ দেন মেয়র।প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, “কাজ করতে গিয়ে কোথাও বাধায় পড়লে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, আবু সাদাত তৈয়বসহ নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ফারজানা মুক্তা, রিফাতুল করিম, তাসমিয়া তাহসিন, মাহমুদ শাফকাত আমিন, শাফকাত বিন আমিন, তৌহিদুল ইসলাম প্রমুখ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

