স্বাধীনতার ৫৪তম বিজয় দিবসে বন্দর-ইপিজেড পতেঙ্গায় নানা কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতার ৫৪তম বিজয় দিবসে বন্দর-ইপিজেড পতেঙ্গায় নানা কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন
হোসেন মিন্টুঃ
স্বাধীনতার ৫৪তম বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গা এলাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, পথসভা, বিজয় র্যালি, আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল।
১৬ ডিসেম্বর প্রথম প্রহরে পতেঙ্গা স্টিল মিলস শহীদ স্মৃতিসৌধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পতেঙ্গা থানা কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নগর বিএনপির সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ হারুন কোম্পানি, বিএনপি নেতা মোঃ ইলিয়াছ, গিয়াসউদ্দিন, আলী নূরসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, পতেঙ্গা থানা তাঁতীদল, মানব কল্যাণ পেশাজীবী সংগঠন এবং মানবাধিকার সংগঠন ‘ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন’-সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।
মঙ্গলবার সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ আলী, মিলন কুমার চক্রবর্তী, বাবু বিকাশ সরকার, শিক্ষিকা মিসেস ফেরদৌস আরা চৌধুরী ও মিসেস ফারজানা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এদিকে পেশাজীবী সংগঠন ‘ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটি’র উদ্যোগে সভাপতি ডাঃ মোঃ শফিউল বাশারের নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শামীম সিকদার, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মোঃ হাফিজুর রহমান, প্রাক্তন সভাপতি ডাঃ রিপন কান্তি দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোর পথে-পথিকৃৎ সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে বন্দর-ইপিজেড পতেঙ্গায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। একাডেমির পরিচালক মুহাম্মদ রাইসুল ইসলাম রিফাতের সভাপতিত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, আলোর পথে মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক মুহাম্মদ বাবুল হোসেন বাবলাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অ-১৭ দল ২-১ গোলে অ-১৫ দলকে পরাজিত করে। খেলা শেষে চট্টগ্রাম রেফারি সমিতির আজীবন সদস্য মোঃ ইউসুফের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্বাধীনতার ৫৪তম বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

