অবৈধ সিএনজি আটককে কেন্দ্র করে কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ ও কর্ণফুলী থানা পুলিশের যৌথ অভিযানে ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুলসংখ্যক অবৈধ যানবাহন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে সিএমপির সার্জেন্ট মো. তফছিরুল ইসলাম এর নেতৃত্বে সার্জেন্ট মো. ইমতিয়াজ শাহরিয়ার ভূঁইয়া, কনস্টেবল মো. সালাউদ্দিন, মো. মজিবুর রহমান ও মো. মোজাম্মেল কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ ০২ নম্বর ওয়ার্ডে ফয়সাল সিএনজি স্টেশনের পাশের ইউটার্ন পাকা সড়কে চেকপোস্ট ডিউটি পালন করছিলেন। এ সময় ১১টি রেজিস্ট্রেশনবিহীন গ্রাম সিএনজি আটক করা হয়। চালকরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে যানবাহনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং সেগুলো মনসুরাবাদ ডাম্পিংয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ সময় হালকাযান ফেডারেশনের জিয়া, সুমন, বাহাদুর, কর্ণফুলী সিএনজি সমিতির সভাপতি হোসেন এবং ফকিন্নির হাট সিএনজি সমিতির সেক্রেটারি রুবেল চালকদের উসকানি দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুষ্কৃতিকারীরা দলবদ্ধভাবে পথরোধ করে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল মো. সালাউদ্দিন ও সার্জেন্ট মো. ইমতিয়াজ শাহরিয়ার ভূঁইয়া গুরুতর আহত হন।

হামলাকারীরা জোরপূর্বক আটককৃত রেজিস্ট্রেশনবিহীন গ্রাম সিএনজি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরীর নেতৃত্বে কর্ণফুলী থানা পুলিশসহ একটি চৌকস দল এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুল কাদের, মো. নাঈম উদ্দিন, মো. তৈয়ব, জোবাইদুল ইসলাম, মো. হানিফসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পলাতক আসামি ও অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে ব্যাটারিচালিত অটোরিকশা ১৭টি ও অবৈধ গ্রাম সিএনজি ৪৩টিসহ মোট ৬০টি যানবাহন আটক করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ ক্ষেত্রে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে সিএমপি।

উল্লেখ্য, এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা নং-২৯, তারিখ-২১/১২/২০২৫ খ্রিঃ, ২০১৯ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ