৭ বছরে চট্টগ্রাম নগরে সড়ক দুর্ঘটনায় ৬৬২ প্রাণহানি অর্ধেকের বেশি পথচারী

আরমান খাঁনঃ

চট্টগ্রাম নগরে গত সাত বছরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৬৩ জনই পথচারী, যা মোট নিহতের অর্ধেকেরও বেশি। পথচারীদের পর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন দুই ও তিন চাকার যানবাহনের যাত্রী ও চালকেরা। এ সময় এসব যানবাহনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯৫ জন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) যৌথভাবে প্রকাশিত চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট ২০২৫-এ এসব তথ্য উঠে এসেছে। বুধবার নগরের পুলিশ লাইনের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে চট্টগ্রাম নগরের সড়ক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এটি পুলিশি তথ্যের ভিত্তিতে প্রকাশিত চট্টগ্রামের তৃতীয় সড়ক নিরাপত্তা প্রতিবেদন। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে চট্টগ্রাম নগরে সড়ক দুর্ঘটনার হার ২৯ শতাংশ বেড়েছে। ব্লুমবার্গ ফিলানথ্রপিসের ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) কর্মসূচির আওতায় এ প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশে সহায়তা করেছে বৈশ্বিক জনস্বাস্থ্য সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিস।প্রতিবেদনটিতে নগরের ২০টি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-বড়পোল মোড়, অলংকার মোড়, সিইপিজেড গেট, সিটি গেট, নিউমার্কেট বাসস্টপ, কালামিয়া বাজার বাসস্টপ এবং সাগরিকা গোলচত্বর। এসব এলাকায় দ্রুত বিজ্ঞানভিত্তিক যাচাই-বাছাই করে ত্রুটি শনাক্ত ও প্রয়োজনীয় পুনর্নির্মাণের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, তথ্যভিত্তিক ও বিজ্ঞানসম্মত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নগরের সড়কে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বিশেষ করে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাত প্রশস্তকরণ, উঁচু জেব্রা ক্রসিং নির্মাণ, নিরবচ্ছিন্ন ফুটপাত নিশ্চিতকরণ, স্পিড হাম্প স্থাপন এবং পথচারী দ্বীপ নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কমাতে মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪ কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইজিআরএস চট্টগ্রামের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর লাবিব তাজওয়ান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিআইজিআরএস চট্টগ্রামের সার্ভেইলেন্স কো-অর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ। এ সময় বিআইজিআরএস এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ