আনোয়ারায় উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে উদ্ধার হওয়া দুই শিশুর সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিশু দুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ পুনর্বাসনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তিনি।

উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সী মেয়েশিশু আয়েশা এবং দুই বছর বয়সী ছেলেশিশু মোরশেদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানায়, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তাদের বাবা খোরশেদ আলম ও মা ঝিনুক আখতার। শিশু দুটির করুণ অবস্থার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হয়।

বিশেষ করে ছেলেশিশু মোরশেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা ব্যয় ও প্রাথমিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় সিএনজি চালক মহিম উদ্দিন শিশু দুটিকে উদ্ধার করেন। মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা পুরস্কৃত করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,
“শিশু দুটিকে একটি নিরাপদ পরিবেশে লালন-পালন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।”

নিউজটি শেয়ার করুনঃ