ঠিকানাহীন শিশুদের পাশে চট্টগ্রাম জেলা প্রশাসন

আরমান খাঁনঃ

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অবস্থিত উপলব্ধি ফাউন্ডেশনে আশ্রিত ঠিকানাহীন ও স্বজনহীন অসহায় মেয়েশিশুদের মাঝে ফল, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গতকাল সোমবার ফাউন্ডেশনটি পরিদর্শনকালে জেলা প্রশাসক শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের শিক্ষা ও সৃজনশীল বিকাশে সহায়তার লক্ষ্যে খাতা, কলম, রঙ পেন্সিল, ক্যালকুলেটরসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হিসেবে ব্যাডমিন্টন ব্যাট, নেট, কর্ক, বাস্কেটবল, দাবা ও লুডু বোর্ড প্রদান করেন। শীতের তীব্রতা বিবেচনায় আশ্রয়প্রাপ্ত শিশুদের জন্য ৮৫টি কম্বল বিতরণ করা হয়। এছাড়া শিশুদের এক বেলা খাবারের ব্যয় নির্বাহ এবং বই ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেন জেলা প্রশাসক।

উপলব্ধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ ইজাবুর রহমান জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৭৫ জন অসহায় মেয়েশিশু বসবাস করছে, যাদের অনেকেই নিজেদের ঠিকানা কিংবা আত্মীয়স্বজন সম্পর্কে নিশ্চিত নয়। এসব শিশুদের জন্য উপলব্ধি ফাউন্ডেশনই একমাত্র আশ্রয় ও নিরাপদ ঠিকানা।

তিনি বলেন, “আগেও অনেক জেলা প্রশাসক আমাদের এখানে এসেছেন, তবে তা ছিল মূলত আনুষ্ঠানিক আমন্ত্রণে। কিন্তু বর্তমান জেলা প্রশাসক আমাদের কার্যক্রম সম্পর্কে আগে থেকেই খোঁজ নিয়ে নিজ উদ্যোগে সময় দিয়েছেন-এটি আমাদের জন্য গর্বের বিষয়।” তিনি আরও জানান, জেলা প্রশাসক শিশুদের রান্নাঘর পরিদর্শন থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং শিশুদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান।
ফাউন্ডেশনের ব্যবস্থাপক শেলী রক্ষিত বলেন, “পথশিশুদের নিয়ে যাঁর এত গভীর ভাবনা, তাঁকে নিঃসন্দেহে একজন মানবিক জেলা প্রশাসক বলা যায়। তিনি প্রায় প্রতিটি শিশুর সঙ্গে কথা বলেছেন এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করেছেন।”

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “উপলব্ধি ফাউন্ডেশন এতটা প্রাণবন্ত ও মানবিক একটি প্রতিষ্ঠান-এটা না এলে বুঝতে পারতাম না।” তিনি বলেন, “মানুষ সাধারণত নিজের সন্তানের কথাই ভাবে। কিন্তু অন্যের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কয়জন ভাবে?”
শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, “স্বপ্ন দেখতে হবে। জীবনে বড় হতে হলে সংগ্রাম করতে হয়। তোমাদের এই হাসি ও আনন্দই জীবনের প্রকৃত সৌন্দর্য।” পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপলব্ধি ফাউন্ডেশনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “সুবিধাবঞ্চিত ও স্বজনহারা শিশুদের সঠিক পরিবেশ ও সুযোগ নিশ্চিত করা গেলে তারা সমাজের বোঝা নয়, বরং দেশের সম্পদে পরিণত হবে।”

উল্লেখ্য, উপলব্ধি ফাউন্ডেশনে আশ্রয়প্রাপ্ত শিশুরা বর্তমানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। পাশাপাশি তারা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত অংশগ্রহণ করে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।

নিউজটি শেয়ার করুনঃ