ডিসি পার্কে ‘চট্টগ্রাম ফুল উৎসব-২০২৬’ উদ্বোধন, জেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজায় সাগরপাড়ঘেঁষা ১৯৪ একর আয়তনের ডিসি পার্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশের বৃহত্তম ফুল উৎসব ‘চট্টগ্রাম ফুল উৎসব-২০২৬’। বর্ণিল সাজে সজ্জিত ডিসি পার্কে মাসব্যাপী এই উৎসব আয়োজনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সুপরিকল্পিত ও ব্যাপক কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ফুল উৎসব শুধু চট্টগ্রামের জন্য নয়, বরং সারাদেশের মানুষের জন্য আনন্দ ও বিনোদনের একটি বড় আয়োজন। তিনি আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ডিসি পার্কে এসে এই আয়োজন উপভোগ করবেন। জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অন্য জেলাগুলোর জন্যও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। মাসব্যাপী এই ফুল উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত করা হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ এবং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক একটি স্টল এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্ণার স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ‘চট্টগ্রাম ফুল উৎসব-২০২৬’ আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই উৎসব সাধারণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ