সিন্ডিকেট ভেঙে দিল সিএমপি ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের রহস্য উদঘাটন

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগ ও পাঁচলাইশ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বহুল আলোচিত ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই মামলার মূল আসামিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ছিনতাইকৃত ২৯০ ভরি স্বর্ণের বার ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে সবুজ দেবনাথ তাঁর সঙ্গে আরও দুইজনকে নিয়ে একটি সিএনজিযোগে কোতোয়ালী থানার সাবেরিয়া এলাকা থেকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেনের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আঁতুরার ডিপো এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ৫ জানুয়ারি পাঁচলাইশ মডেল থানায় ডাকাতির অভিযোগে একটি মামলা (মামলা নং-০১) দায়ের করা হয়। পরে পাঁচলাইশ থানা ও ডিবি (উত্তর) বিভাগের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় ৮ জানুয়ারি বিকেলে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত সুমন চন্দ্র দাস (৪২), মো. মাসুদ রানা প্রকাশ বাইক বাবু (৩০) ও রফিকুল ইসলাম প্রকাশ ইমন (২২)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে সুমন চন্দ্র দাস স্বীকার করেন, তাঁর নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয় এবং লুণ্ঠিত স্বর্ণ তাঁর স্ত্রী পান্না রানী দাস ও চাচাতো ভাই রবি কুমার দাসের কাছে সংরক্ষিত ছিল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে রবি কুমার দাস (৪০) এবং পরে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে পান্না রানী দাস দিপালী রানী দাশ (৩৮)-কে গ্রেফতার করা হয়। এছাড়া তদন্তে প্রাপ্ত তথ্য ও মোবাইল ফোন বিশ্লেষণের মাধ্যমে মামলার গোপন তথ্যদাতা হিসেবে বিবেক বনিক (৪২)-কেও কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে ৯ জানুয়ারি মোহাম্মদপুর থানাধীন বৈশাখী খেলার মাঠ সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলার বাসা থেকে একটি বাক্সের ভেতর লুকিয়ে রাখা ২৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বারের গায়ে “sam 10 TOLAS GOLD 999.0” লেখা ছিল। পুলিশ জানায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক ২৯০ ভরি, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা। ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্দেহভাজনদের গ্রেফতার ও অবশিষ্ট আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-সুমন চন্দ্র দাস (৪২), মো. মাসুদ রানা প্রকাশ বাইক বাবু (৩০), রফিকুল ইসলাম প্রকাশ ইমন (২২), রবি কুমার দাস (৪০), পান্না রানী দাস দিপালী রানী দাশ (৩৮) ও বিবেক বনিক (৪২)।

নিউজটি শেয়ার করুনঃ