বিএনপির জনসমাবেশ সামনে রেখে চট্টগ্রামে অস্ত্র বহন ও অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এর অংশ হিসেবে মহানগরজুড়ে অস্ত্র বহন এবং অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়নের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সিএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্ধারিত জনসমাবেশকে সামনে রেখে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় জনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে উল্লিখিত সময়ের মধ্যে কেউ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর কিংবা যেকোনো ধরনের ক্ষতিকর বস্তু বহন, ব্যবহার বা প্রদর্শন করতে পারবে না। একইসঙ্গে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার পরিপন্থী কোনো প্রতীক, প্ল্যাকার্ড, ব্যানার বা অনুরূপ সামগ্রী প্রদর্শনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া জনসমাবেশস্থল ও আশপাশের এলাকায় ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী যথাযথ অনুমোদন ছাড়া কোনো ধরনের ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিএমপি আরও জানায়, জারি করা এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগরের সর্বস্তরের জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের স্বাক্ষর রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ