২০ বছর পর চট্টগ্রামের মাটিতে তারেক রহমান আঞ্চলিক ভাষায় শুভেচ্ছায় মুখর পলোগ্রাউন্ড
২০ বছর পর চট্টগ্রামের মাটিতে তারেক রহমান আঞ্চলিক ভাষায় শুভেচ্ছায় মুখর পলোগ্রাউন্ড
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসমাবেশে দীর্ঘ দুই দশক পর অংশ নিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘অনেরা ক্যান আছন’।
জবাবে মাঠজুড়ে উপস্থিত নেতা-কর্মীরা একযোগে বলেন, ‘ভালা আছি’। মুহূর্তেই সমাবেশস্থলে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। মাঠে প্রবেশের পর প্রথমে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর মঞ্চে উঠে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আজকের এই সমাবেশ একটি নির্দিষ্ট লক্ষ্য ও পরিবর্তনের প্রত্যাশা সামনে রেখেই আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি স্বাধীনতার ইতিহাসে গৌরবোজ্জ্বল এক পুণ্যভূমি।
বক্তব্যে তারেক রহমান স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। তিনি বলেন, এই চট্টগ্রামের মাটিতেই ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল এবং এখানেই জিয়াউর রহমান শহীদ হন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, এই চট্টগ্রাম থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘দেশনায়ক’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। চট্টগ্রামের সঙ্গে নিজের ও পরিবারের আবেগী সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রচারণার অংশ হিসেবে এ জনসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই পলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেন নেতা-কর্মী ও সমর্থকেরা। চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকেও বিপুল সংখ্যক মানুষ সমাবেশে অংশ নেন।
সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। মাঠজুড়ে জড়ো হওয়া জনসমুদ্রে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
Admin
এ সংক্রান্ত আরো খবর

