সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ৪ হাজার সদস্যের যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

“সন্ত্রাস ও অবৈধ পাহাড় দখল উচ্ছেদে ‘কমান্ডো স্টাইল’ অভিযান • ড্রোন, ডগ স্কোয়াড ও সাঁজোয়া যান মোতায়েন”

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও অবৈধ দখলমুক্ত করতে বড় ধরনের সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনসহ প্রায় চার হাজার সদস্য অংশ নিয়েছেন।

সোমবার (৯ মার্চ) ভোরে ফজরের নামাজের পরপরই শুরু হওয়া এই অভিযানের শুরুতেই পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। এলাকার সব প্রবেশ ও বাহিরের পথ বন্ধ করে গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশিচৌকি, যাতে কোনো চিহ্নিত অপরাধী এলাকা ছেড়ে পালিয়ে যেতে না পারে।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি মাটির নিচে বা ঝোপঝাড়ে লুকিয়ে রাখা অস্ত্র ও বিস্ফোরক শনাক্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। অভিযানে সাঁজোয়া যানসহ আধুনিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, অভিযানে প্রায় ৫৫০ জন সেনাসদস্য, ১৮০০ পুলিশ সদস্য, ৩৩০ এপিবিএন সদস্য, ৪০০ র‍্যাব সদস্য এবং ১২০ বিজিবি সদস্য অংশ নিয়েছেন। সাম্প্রতিক সময়ে দেশের কোনো নির্দিষ্ট এলাকায় এটিই সবচেয়ে বড় সমন্বিত অভিযান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত ১৯ জানুয়ারি এই এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাব-৭ এর এক নায়েব সুবেদার নিহত হওয়ার ঘটনার পর থেকেই এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

প্রায় তিন হাজার একর বিস্তৃত এই পাহাড়ি জনপদ দীর্ঘদিন ধরে অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে গড়ে ওঠা বিশাল বসতির আড়ালে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ও প্রভাবশালী চক্র অবৈধ প্লট বাণিজ্য এবং পাহাড় দখলের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছে বলে অভিযোগ রয়েছে।

প্রশাসন জানিয়েছে, সাধারণ বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত রেখে তালিকাভুক্ত সন্ত্রাসী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধেই অভিযান চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরকে সাধারণ মানুষের জন্য নিরাপদ এলাকায় পরিণত করাই এ অভিযানের প্রধান লক্ষ্য।

যৌথবাহিনীর অভিযানে অংশগ্রহণ

সেনাবাহিনী-৫৫০ জন, পুলিশ-১৮০০ জন, এপিবিএন-৩৩০ জন, র‍্যাব-৪০০ জন, বিজিবি-১২০ জন, মোট সদস্য: প্রায় ৪ হাজার।

কেন এই অভিযান, ১৯ জানুয়ারি ২০২৬ জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাব-৭ এর এক নায়েব সুবেদার নিহত হন। পরবর্তী সময় গোয়েন্দা সংস্থাগুলো এলাকায় সক্রিয় সন্ত্রাসী ও অবৈধ দখলদারদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে।

৯ মার্চ ২০২৬ ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে প্রায় ৪ হাজার সদস্যের যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু।

নিউজটি শেয়ার করুনঃ