চট্টগ্রামে ইফতারের আগে দাম্পত্য বিরোধে ট্র্যাজেডি

হোসেন মিন্টুঃ

“ইফতারের আগে পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, ইটের আঘাতে হত্যার অভিযোগে স্বামী আটক”

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় ইফতারের আগমুহূর্তে পারিবারিক কলহের জেরে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানান। শনিবার সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। আটক স্বামী জহিরুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের একটি শিশু সন্তান রয়েছে।

পুলিশ জানায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ জানান, ইফতারের আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী জহিরুল ইসলাম ইট দিয়ে স্ত্রী হালিমা আক্তারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্ত্রী মারা গেছেন বুঝতে পেরে জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহত হালিমা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুনঃ