চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাসান মোঃ শওকত আলী

হোসেন মিন্টুঃ

“ন্যায়নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ে জিরো টলারেন্স নীতির ঘোষণা ”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মোঃ শওকত আলী। বুধবার (১ এপ্রিল ২০২৬) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তিনি সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণ শেষে লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন নতুন কমিশনার। সভায় তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নাগরিকবান্ধব পুলিশিং জোরদার করার নির্দেশনা দেন।

তিনি নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান। এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাসান মোঃ শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র‌্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলভাবে দায়িত্ব পালন করেন।

সিএমপিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ