পতেঙ্গায় সরকারি জ্বালানি তেল চুরির চক্রের হদিস ২৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ
পতেঙ্গায় সরকারি জ্বালানি তেল চুরির চক্রের হদিস ২৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ
হোসেন মিন্টুঃ
“এয়ারপোর্ট সড়কের চেয়ারম্যানঘাটায় মধ্যরাতের অভিযানে লরি জব্দ, আটক ১; বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা”
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত জ্বালানি তেল চুরির একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে এয়ারপোর্ট সড়ক সংলগ্ন চেয়ারম্যানঘাটা এলাকায় ‘ড্রাম ওয়াশ’ নামে একটি পার্কিং লটে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার চোরাই ফার্নেস অয়েলসহ একটি লরি জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানা পুলিশের একটি দল ওই পার্কিং লটে আকস্মিক অভিযান পরিচালনা করে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম থেকে ‘বিআর পাওয়ারজেন লিমিটেড, মিরসরাই’-এর নামে ফার্নেস অয়েল সরবরাহ করা হয়। নথিপত্র অনুযায়ী তেলবাহী লরিটির গন্তব্য ছিল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি পতেঙ্গার নির্জন স্থানে অবস্থান নেয় এবং অবৈধভাবে তেল খালাসের চেষ্টা চালায়।অভিযানকালে তেল চুরির সময় চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত লরিটির নম্বর চট্টমেট্রো-ঢ ৪১-০৫২৯, যার নাম ‘পদ্মা’।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সরকারি জ্বালানি তেল মাঝপথে সরিয়ে কালোবাজারে বিক্রি করে আসছিল।
পতেঙ্গা থানা পুলিশ জানিয়েছে, জব্দকৃত লরি ও আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্য এবং চোরাই তেলের ক্রেতাদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, পতেঙ্গা এলাকায় জ্বালানি তেল চুরি ও কালোবাজারি সিন্ডিকেট নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

