বিশ্ব স্বাস্থ্য দিবসে চট্টগ্রামে র্যালি ও আলোচনা সভা
বিশ্ব স্বাস্থ্য দিবসে চট্টগ্রামে র্যালি ও আলোচনা সভা
বাবুল হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইমপ্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কানাডাভিত্তিক হেলথ ব্রিজ ফাউন্ডেশনের সহযোগিতায় মমতা, বাপসা ও ইপসার যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, বাপসার কো-অর্ডিনেটর ডা. সাফায়াত হালিম এবং ইপসার প্রতিনিধি ফারহানা ইদ্রিস। এছাড়াও উপস্থিত ছিলেন মমতার সহকারী পরিচালক প্রবীর কুমার দাশ, প্রকল্প ব্যবস্থাপক তাজমুন নাহার হামিদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক নাগরিক অধিকার। তাই প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে কমিউনিটি পর্যায়ে কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া জরুরি। এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত ও কার্যকর উদ্যোগ অপরিহার্য।
তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব এবং দেশের সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটবে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মমতার স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

