২৫ এপ্রিল চট্টগ্রামে বসছে জব্বারের বলীখেলার ১১৭তম আসর

আরমান খানঃ

“লালদীঘিতে উদ্বোধন হলো ‘জব্বার চত্বর’ ম্যুরাল”

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি মাঠে আগামী ২৫ এপ্রিল (১২ বৈশাখ) অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষ পেরোনো আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আয়োজন। এ বছর দেশের বিভিন্ন জেলা থেকে মোট ১০৮ জন বলী প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পরে লালদীঘি প্রাঙ্গণে বলীখেলার ঐতিহ্যকে ধারণ করে নির্মিত একটি ম্যুরাল উন্মোচন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বলীখেলার প্রবর্তক আবদুল জব্বার সওদাগরের স্মরণে চত্বরটির নাম রাখা হয়েছে ‘জব্বার চত্বর’। নতুন নির্মিত ম্যুরালটিতে টেরাকোটার শিল্পরূপে তুলে ধরা হয়েছে বলীখেলার দৃশ্য, ন্যায়বিচারের প্রতীক এবং লালদীঘির ঐতিহাসিক প্রেক্ষাপট। এতে শেকল ভাঙার প্রতীক, বিচার ব্যবস্থার প্রতিচিহ্ন এবং বীরত্বগাথার নানা দিক চিত্রায়িত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল। তিনি জানান, ২৪ এপ্রিল (শুক্রবার) থেকে শুরু হবে বৈশাখী মেলা, আর ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে মূল বলীখেলা।

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব গ্রহণের পর এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে চত্বরটির নামকরণ করার উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, “এই ম্যুরাল শুধু একটি স্থাপনা নয়, এটি চট্টগ্রামের ঐতিহ্য, সংগ্রাম ও ন্যায়বোধের প্রতীক হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সিটি মেয়র। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

এসএসসি পরীক্ষা সামনে থাকায় পাশের সরকারি মুসলিম হাই স্কুলে পরীক্ষাকেন্দ্রের বিষয়টি বিবেচনায় নিয়ে আয়োজকরা জানিয়েছেন, ২৫ এপ্রিল রাতের মধ্যেই মেলার কার্যক্রম সমাপ্ত করা হবে। নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়ে আয়োজকরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে থাকবে পুরো আয়োজন। পাশাপাশি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হবে।

উল্লেখ্য, ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় স্থানীয় তরুণদের উদ্বুদ্ধ করতে আবদুল জব্বার সওদাগর লালদীঘি মাঠে এই বলীখেলার সূচনা করেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছর ১২ বৈশাখে আয়োজিত এ খেলাকে ঘিরে বসে প্রাণবন্ত বৈশাখী মেলা, যা নগরবাসীর কাছে উৎসবের রূপ নেয়।

নিউজটি শেয়ার করুনঃ