লালদীঘির মঞ্চে আবারও দাপট: টানা চতুর্থবার জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন ‘বাঘা’ শরীফ
লালদীঘির মঞ্চে আবারও দাপট: টানা চতুর্থবার জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন ‘বাঘা’ শরীফ
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন কুমিল্লার মো. শরীফ, যিনি ‘বাঘা’ শরীফ নামেই অধিক পরিচিত। টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়ে তিনি ইতিহাসের পাতায় নিজের অবস্থান আরও দৃঢ় করলেন।
শনিবার বিকেলে নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ১১৭তম আসরের ফাইনাল খেলায় একই এলাকার প্রতিদ্বন্দ্বী রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা ঘরে তোলেন তিনি। প্রায় ৪৫ মিনিটব্যাপী এই জমজমাট দ্বৈরথে দুই প্রতিযোগীই ছিলেন সমানে সমান। কেউ কাউকে একচুল ছাড় দিতে রাজি ছিলেন না। তবে শেষ পর্যন্ত কৌশলগত নৈপুণ্যে এগিয়ে থাকায় বিচারকদের রায়ে জয়ী ঘোষণা করা হয় শরীফকে।
এর আগে বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় বলীখেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মোট ১০৮ জন বলী এতে অংশ নেন, যা প্রতিযোগিতাকে করে তোলে আরও বৈচিত্র্যময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী। বেলুন উড়িয়ে উদ্বোধনের পর ঢোলের তালে তালে শুরু হয় লড়াই। হাজারো দর্শকের উচ্ছ্বাস, করতালি আর বৈশাখী মেলার বর্ণিল আয়োজন পুরো লালদীঘি এলাকাকে উৎসবমুখর করে তোলে।
প্রাচীন ঐতিহ্য আর গ্রামীণ ক্রীড়ার অনন্য সংমিশ্রণে অনুষ্ঠিত এই বলীখেলা চট্টগ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। প্রতি বছরের মতো এবারও দর্শকদের বিপুল উপস্থিতি প্রমাণ করে এর জনপ্রিয়তা এখনো অটুট।
এই উৎসবমুখর পরিবেশেই আবারও নিজের শক্তি, কৌশল ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুললেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

