২২০০ ইয়াবা গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাবুল হোসেন বাবলা, চট্টগ্রাম।

“ওসি আতিকুর রহমানের নেতৃত্বে অভিযানে জব্দ মোটরসাইকেল; অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা।

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের মাদ্রাজী শাহপাড়া এলাকার আবুল খায়ের গলিস্থ সাগর ভিলার ৪র্থ তলার একটি টিনশেড কক্ষে অভিযান পরিচালনা করে মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২)-কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে প্রায় ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকানো আরও ১০০ পিস ইয়াবাসহ সর্বমোট ২২০০ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৭০ হাজার ৭২০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নিজাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বন্দরটিলা এলাকায় স্থানীয় ক্রেতাদের কাছে নিয়মিত মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি মুহাম্মদ আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, “ইপিজেড থানা এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।” তিনি এ ব্যাপারে সচেতন নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুনঃ