চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান’-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হয়েছে জাতীয় সাপ্তাহিক ‘অপরাধ অনুসন্ধান’ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ এক যুগ অতিক্রম করে পত্রিকাটি এখন ১৪তম বর্ষে পদার্পণ করেছে-যা অনুসন্ধানী সাংবাদিকতার ধারাবাহিকতায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

এ উপলক্ষে বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম কাজল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার জিএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার মুখপাত্র ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট এম আর তোফায়েল, সময়ের নিউজ-এর সহকারী সম্পাদক ও সমাজসেবক মোঃ হোসেন, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় সভাপতি বাবু সুজিত সরকার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং ফুলেল শুভেচ্ছায় আয়োজকদের অভিনন্দিত করেন। এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুনঃ