উজানের ঢল ও টানা বর্ষণে ফুঁসে উঠছে তিস্তা

“মাত্র তিন ঘণ্টায় ৩২ সেন্টিমিটার পানি বৃদ্ধি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী; প্লাবিত চরাঞ্চল, কুড়িগ্রামে বন্যার শঙ্কা তীব্র”

রিয়াজুল হক সাগরঃ

উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে কুড়িগ্রামে ভয়ংকর রূপ নিতে শুরু করেছে তিস্তা নদী। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পানির উচ্চতা। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ৩২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা এখন বিপৎসীমার একেবারে কাছাকাছি অবস্থান করছে।

ইতোমধ্যে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। ফসলি জমি, বসতভিটা ও গ্রামীণ সড়কে পানি প্রবেশ করায় নতুন করে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাজারো মানুষের মধ্যে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ২৮ দশমিক ৯৬ মিটার। মাত্র তিন ঘণ্টা পর সকাল ৯টায় তা বেড়ে দাঁড়ায় ২৯ দশমিক ২৮ মিটারে। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে নদীর পানি ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার মাত্র ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এ অস্বাভাবিক গতি বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুধু তিস্তাই নয়, জেলার অন্যান্য নদ-নদীতেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার এবং ধরলা নদীর তালুকসিমুলবাড়ী পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়েছে। যদিও কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলার পানি ১ সেন্টিমিটার কমেছে।অন্যদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানির স্তর স্থিতিশীল রয়েছে। তবে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব নদীতেও পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় জেলার চিলমারী উপজেলায় সর্বোচ্চ ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পাটেশ্বরীতে ৫৪ মিলিমিটার এবং কুড়িগ্রাম সদরে ৫২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে উজানের ঢল ও স্থানীয় বৃষ্টিপাত মিলিয়ে নদীগুলোর পানি আরও দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা চরের বাসিন্দা মো. বদিয়ত মিয়া বলেন, “সকাল থেকেই পানি বাড়ছে। নিচু এলাকার জমি ও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। পানি যেভাবে বাড়ছে, তাতে রাতের মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”

কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. সাইয়েদ আহমেদ বাবু বলেন, “বন্যা ও নদীভাঙন কুড়িগ্রামের মানুষের নিত্যসঙ্গী। প্রতি বছর হাজারো পরিবার ঘরবাড়ি ও কৃষিজমি হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়ন জরুরি।”

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বেনজির আহমেদ জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন উপজেলায় ২৮৫ টন জিআর চাল, ১ লাখ ৬২ হাজার টাকা এবং ৮০০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।পরিস্থিতির অবনতি হলে অতিরিক্ত বরাদ্দও নিশ্চিত করা হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তিস্তাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা স্পর্শ করতে পারে। তাই নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত রয়েছে।”

স্থানীয়দের আশঙ্কা, উজানের ঢল ও টানা বর্ষণ অব্যাহত থাকলে কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চল নতুন করে বন্যাকবলিত হবে। এতে কৃষি, যোগাযোগ, শিক্ষা ও জনজীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসতে পারে। তাই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুনঃ