পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে আব্দুল হামিদ

মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ভয়াবহতায় বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন এলাকায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক, ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ইয়াংছা বাজার সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন।

সম্প্রতি উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ৮ নম্বর ওয়ার্ডের হিমছড়ি এলাকায় ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন ও বেলালের বসতবাড়ি সরেজমিনে পরিদর্শন করেন আব্দুল হামিদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান দুর্দশা, বসতঘরের ক্ষয়ক্ষতি, নিরাপত্তা সংকট এবং জীবিকা নির্বাহের কঠিন বাস্তবতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে নিজের ব্যক্তিগত উদ্যোগে দুই পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ মানবিক মানুষদের দুর্যোগকবলিত পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আব্দুল হামিদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগ কোনো পূর্বাভাস মেনে আসে না। তাই এমন সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক কর্তব্য। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসতে হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ধসে আনোয়ার হোসেন ও বেলালের বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ের ঢাল ধসে পড়ায় তাদের ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পরিবারগুলো চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আব্দুল হামিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে কেউ তাদের খোঁজ নেবে- এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা। কিন্তু তিনি নিজে বাড়িতে এসে খোঁজখবর নেওয়া, সান্ত্বনা দেওয়া এবং আর্থিক সহায়তা করায় তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও আশার আলো খুঁজে পেয়েছেন।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তিতে নিরাপদ পুনর্বাসন, টেকসই আবাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি পাহাড়ধসপ্রবণ এলাকাগুলোতে ঝুঁকি নিরূপণ, পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া জরুরি বলে তারা মত প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ