জলাবদ্ধতায় বিপর্যস্ত নাজির পাড়ার পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসন
জলাবদ্ধতায় বিপর্যস্ত নাজির পাড়ার পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসন
“অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় ত্রাণ বিতরণ, স্বস্তি ফিরল ক্ষতিগ্রস্ত পরিবারে”
হোসেন মিন্টুঃ
টানা বর্ষণ ও ভয়াবহ জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার নাজির পাড়া এলাকার পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নাজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের সার্বিক ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। জলাবদ্ধতার কারণে কয়েকদিন ধরে চরম দুর্ভোগে থাকা অসহায় ও নিম্নআয়ের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময়ে সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর কোং, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ওসমান, যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল মোঃ ইরফান হোসেন রিপন, পতেঙ্গা থানা যুবদলের নেতা ইসমাঈল, ইসহাক, ফোরকান, সিরাজ, ফারুক, মনসুর ও দৌলতসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা আশাবাদ ব্যক্ত করেন, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বর্ষণে নাজির পাড়ার অধিকাংশ সড়ক, অলিগলি ও অসংখ্য বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। অনেক পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের এই ত্রাণ সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের দাবি, তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি নাজির পাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।
Admin
এ সংক্রান্ত আরো খবর

