বন্যাদুর্গত মানুষের পাশে সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)
বন্যাদুর্গত মানুষের পাশে সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)
“সাতকানিয়ায় ১,১৮০ পানিবন্দী পরিবারে শুকনা খাবার বিতরণ, ৩০০ মানুষের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান”
হোসেন মিন্টুঃ
টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একাধিক স্থানে পানি উঠে যান চলাচল ব্যাহত হয়েছে। সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পানিতে তলিয়ে যাওয়ায় অসংখ্য পরিবার ঘরবন্দী হয়ে পড়েছে। বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমি পানিতে নিমজ্জিত হওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
এমন দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)। সংগঠনটির উদ্যোগে সাতকানিয়ার দুর্গত এলাকায় ১ হাজার ১৮০টি পানিবন্দী পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ এবং প্রায় ৩০০ অসুস্থ ও বন্যাকবলিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ-এর নেতৃত্বে দিনব্যাপী পরিচালিত এই মানবিক কার্যক্রমে দুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় এবং চিকিৎসক দলের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। খাদ্য ও চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই দুর্যোগে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি এস ইউ এম ইলিয়াস সিকদার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আসিফ খন্দকারসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ সার্বিকভাবে কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে মানবতার সেবাই আমাদের প্রধান অঙ্গীকার। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) সবসময় মানবিক দায়িত্ব পালন করে এসেছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, বন্যার কারণে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, চিকিৎসাসেবার অভাব এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ বহুগুণে বেড়েছে। এমন পরিস্থিতিতে সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)-এর এই মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে বন্যাকবলিত মানুষের পাশে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগেই দুর্যোগ মোকাবিলা সম্ভব এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা যাবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

