অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবারের পাশে সিএমপি

“পুলিশ কমিশনারের পক্ষে ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খাদ্যসামগ্রী বিতরণ”

হোসেন মিন্টুঃ

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর পক্ষে আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ক্ষতিগ্রস্ত ৯৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সাম্প্রতিক টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকিতে দুর্ভোগে পড়া পরিবারগুলোর জন্য এ খাদ্য সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। স্থানীয়দের মতে, দুর্যোগের এই সময়ে পুলিশের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আলমগীর হোসেন, পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন লাবু এবং পুলিশ পরিদর্শক কামরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, আকবরশাহ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ বেলাল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক রনি, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান বাবু, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে সুশৃঙ্খল পরিবেশে ৯৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয়রা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

নিউজটি শেয়ার করুনঃ