স্ট্রোকে সাংবাদিক বেলাল হোসেনের আকস্মিক মৃত্যু সংবাদজগতে শোকের ছায়া
স্ট্রোকে সাংবাদিক বেলাল হোসেনের আকস্মিক মৃত্যু সংবাদজগতে শোকের ছায়া
আরমান খান,চট্টগ্রামঃ
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানা প্রতিনিধি, সজ্জন, হাস্যোজ্জ্বল ও মিশুক স্বভাবের সাংবাদিক মোঃ বেলাল হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুরে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেলাল হোসেনের আকস্মিক মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় জনমনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন সৎ, নম্র, বিনয়ী ও মানবিক ব্যক্তি হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে সংবাদ অঙ্গন একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালো।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতেই তাঁর মরদেহ নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লেমুশিয়া ইউনিয়নে নেওয়া হবে। সেখানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানানো হয়েছে।
শোকবার্তা- দৈনিক নব দেশ বার্তা’র সম্পাদক ও প্রকাশক, দৈনিক ক্রাইম ডায়রি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এবং সাপ্তাহিক গোয়েন্দা ডায়রি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোর পক্ষ থেকে সাংবাদিক মোঃ হোসেন মিন্টু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, “সাংবাদিক বেলাল হোসেনের মৃত্যু সংবাদ অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর সততা, কর্মনিষ্ঠা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ দীর্ঘদিন সহকর্মীদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।”
Admin
এ সংক্রান্ত আরো খবর

