দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে নতুন জোয়ার আনোয়ারায় এক বিলিয়ন ডলারের শিল্প বিনিয়োগ
দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে নতুন জোয়ার আনোয়ারায় এক বিলিয়ন ডলারের শিল্প বিনিয়োগ
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামের আনোয়ারায় প্রতিষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) দেশের শিল্পায়ন ও বিনিয়োগ খাতে এক নতুন মাইলফলক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের পরিকল্পনা থাকলেও অবকাঠামো উন্নয়নসহ সামগ্রিক বিনিয়োগের পরিমাণ শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে জাতীয় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এই অর্থনৈতিক অঞ্চল সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানিমুখী শিল্প সম্প্রসারণ এবং আধুনিক শিল্প অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
তিনি আরও বলেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করেছে, এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে এক লাখেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে শুধু শিল্পখাত নয়, পরিবহন, লজিস্টিকস, আবাসন, ব্যাংকিং, বীমা, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বহুমুখী সেবাখাতেও ব্যাপক কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে।
মন্ত্রী বলেন, এই প্রকল্পের সুফল শুধুমাত্র আনোয়ারা কিংবা কর্ণফুলী উপজেলায় সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনবে। শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ, আধুনিক সাপ্লাই চেইন, বন্দরভিত্তিক শিল্প কার্যক্রম এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে কর্মীদের জন্য আধুনিক আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিল্পায়নের বিকাশের সঙ্গে সঙ্গে স্থানীয় উদ্যোক্তারা নতুন ব্যবসায়িক সুযোগ পাবেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অর্থনৈতিক অঞ্চল। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরিতেও সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী টানেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সমন্বিত হয়ে দক্ষিণ চট্টগ্রাম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, সংসদ সদস্য এরশাদ উল্লাহ আবু সুফিয়ান, হুমাম কাদের চৌধুরী, শাহজাহান চৌধুরী, জহিরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের সফল বাস্তবায়ন দেশের শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আনোয়ারা ও দক্ষিণ চট্টগ্রাম একটি আধুনিক শিল্পনগরী হিসেবে বিকশিত হওয়ার পথ আরও সুদৃঢ় হবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

