সংঘবদ্ধ চোরচক্রের দৌরাত্ম্যে ভারী যন্ত্র চুরি পুলিশের জালে ৪ সদস্য
সংঘবদ্ধ চোরচক্রের দৌরাত্ম্যে ভারী যন্ত্র চুরি পুলিশের জালে ৪ সদস্য
হোসেন মিন্টুঃ
সংঘবদ্ধ অপরাধচক্রের দুঃসাহসিক চুরির ঘটনাকে অল্প সময়ের মধ্যেই সফল অভিযানে ভণ্ডুল করেছে চান্দগাঁও থানা পুলিশ। চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে চুরি হওয়া প্রায় ১৭ লাখ টাকা মূল্যের একটি এক্সক্যাভেটর খুলনা মহানগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি লোবেড ট্রাক জব্দ এবং আন্তঃজেলা চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই সফল অভিযানে ভারী নির্মাণযন্ত্র চুরি ও পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের অস্তিত্ব সামনে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুলিশ সূত্র জানায়, ২৯ জুলাই ২০২৬ তারিখে চান্দগাঁও থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯/৩৪ ধারায় একটি মামলা রুজু হয়। মামলার বাদী আবদুল মন্নান অভিযোগ করেন, গত ২৭ জুলাই রাত ১১টা থেকে ২৮ জুলাই সকাল ৮টার মধ্যে যেকোনো সময়ে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন ওয়াপদা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাখা তাঁর মালিকানাধীন একটি চেইন এক্সক্যাভেটর (ক্যাট) সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া যন্ত্রটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
ঘটনার পরপরই উপ-পুলিশ কমিশনার (উত্তর)-এর সার্বিক দিকনির্দেশনায় চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত ও অভিযানিক টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে চোরচক্রের গতিবিধি শনাক্ত করা হয়। পরে খুলনা মহানগর পুলিশের আওতাধীন আড়ংঘাটা থানা এলাকার বাইপাস থেকে দৌলতপুরগামী সড়কের বকুলতলা মোড়সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত এক্সক্যাভেটরটি উদ্ধার করা হয়। এ সময় চুরি হওয়া যন্ত্র পরিবহনে ব্যবহৃত চট্টমেট্টো-শ-১১-২৩৭৩ নম্বরের একটি লোবেড ট্রাকও জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই মো. ইকবাল হোসেন ওরফে তামিম ইকবাল (৩৫), মো. আব্দুর শুক্কুর (২৯), ওয়াহিদ হোসেন আল আমিন ওরফে ফিরোজ (২৪) এবং মো. ইকরাম হোসেন (৪৬)-কে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া এক্সক্যাভেটরটি মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে চক্রটির অন্যান্য সদস্য, সম্ভাব্য রিসিভার, চোরাই যন্ত্রপাতি পাচারের রুট এবং পূর্বে সংঘটিত একই ধরনের অপরাধের বিষয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভারী নির্মাণযন্ত্র চুরির মতো অপরাধ সাধারণ চুরি নয়; এর পেছনে থাকে সুপরিকল্পিত নেটওয়ার্ক, দক্ষ চালক, পরিবহন ব্যবস্থা এবং চোরাই মাল বিক্রির নির্দিষ্ট গন্তব্য। তাই এ ঘটনায় শুধুমাত্র গ্রেপ্তার চারজনের ভূমিকা নয়, পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনতেই গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করা হচ্ছে।
চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং চোরাই যন্ত্রপাতি পাচারের সঙ্গে সংশ্লিষ্ট পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

