বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ হবে উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না—প্রধানমন্ত্রী
বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ হবে উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না—প্রধানমন্ত্রী
‘চট্টগ্রামকে শিল্পনগরী গড়ার পরিকল্পনা, ৪১ লাখ মায়ের হাতে ফ্যামিলি কার্ড; বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস।”
হোসেন মিন্টুঃ
বাঁশখালীর মানুষের দীর্ঘদিনের দাবি বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনারই একটি অংশ। এটি নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ। একই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কর্মসূচি ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম অঞ্চলের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। বাঁশখালীর দীর্ঘদিনের দাবি বেড়িবাঁধ নির্মাণও সরকারের মূল পরিকল্পনার অন্তর্ভুক্ত বলে জানান তিনি।
তিনি বলেন, নির্বাচনের সময় বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ও কৃষকদের স্বাবলম্বী করা এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
৪১ লাখ মায়ের হাতে ফ্যামিলি কার্ড নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের এক মাসের মধ্যেই এর পাইলট প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল। ইতোমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং চলতি মাস থেকেই এর বাস্তবায়ন শুরু হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে সারাদেশে ৪১ লাখ মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, বাঁশখালী উপজেলায় এ বছর প্রায় ১০ থেকে ১১ হাজার মায়ের হাতে এ কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও অধিক পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
নারীদের পাশাপাশি পুরুষদেরও স্বাবলম্বী করার উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাঁশখালীর লবণচাষিদেরও কার্ডের আওতায় আনা হবে।
বাঁশখালীর লবণশিল্পের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের লবণশিল্প টিকিয়ে রাখতে লবণের ন্যায্যমূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। লবণচাষিদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।
চট্টগ্রামকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশাল সমুদ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এ সম্পদকে কাজে লাগিয়ে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি শিল্পকারখানা স্থাপন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকতে চায় না। জনগণকে সঙ্গে নিয়েই সরকারের সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের প্রত্যেক উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই উপজেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে। জনগণের সরকার হিসেবে মানুষের কল্যাণে সরকার কাজ করে যাবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশে শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দিয়ে দেশের স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এর আগে বাঁশখালীর বাহারছড়া এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়ে প্রতীকীভাবে ১০০টি গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাদের পারিবারিক ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থসহায়তা প্রদান করা হয়। সেখানে একটি মেহগনি গাছের চারাও রোপণ করেন তিনি।
বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠেও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় জনপদে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রোববার দুপুরে বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল নামে।

দুপুর সোয়া ১টার দিকে কক্সবাজারের মহেশখালী থেকে হেলিকপ্টারযোগে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকতের হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সফরসঙ্গী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মহেশখালীর মেগা প্রকল্প পরিদর্শন
বাঁশখালী সফরের আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী বহুমুখী গভীর সমুদ্রবন্দর, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রসহ মহেশখালী সমন্বিত উন্নয়ন (মিডা)-এর আওতাধীন বিভিন্ন মেগা প্রকল্প পরিদর্শন করেন।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনকালে নির্মাণাধীন আধুনিক বন্দরটির বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তিনি। জাপানের কাশিমা সমুদ্রবন্দরের আদলে নির্মাণাধীন মাতারবাড়ী বন্দরের উন্নয়ন পরিকল্পনা নিয়েও আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
মহেশখালীর পাহাড়ি ভূপ্রকৃতি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার ঝুঁকি বিবেচনায় রেখে টেকসই ও যুগোপযোগী উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। স্বল্প ব্যয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়েও আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বাঁশখালী ছাড়াও রাউজান, রাঙ্গুনিয়া ও উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ সড়কের দুই পাশে এবং গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ি ও হাটহাজারী সফর করেন। ফটিকছড়ির নাজিরহাটের বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নেন তিনি। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি ছিল।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিএনপির তৃণমূল, মহানগর ও জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী।

ফটিকছড়ি ও হাটহাজারী সফর এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা শেষে রাত ১০ঃ১০ মিনিটের দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে রাত ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় প্রধানমন্ত্রীর দিনব্যাপী চট্টগ্রাম সফর।
উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত ও নিচু এলাকা প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, পুকুর, জলাশয় ও মৎস্য খামারসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হন বিপুলসংখ্যক মানুষ।
বন্যার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অবকাঠামো পুনর্গঠনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দিনব্যাপী চট্টগ্রাম সফরকে ঘিরে নগরীর, উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
চট্টগ্রামবাসীর প্রত্যাশা- উপকূলীয় জনপদের নাগরিক দুর্ভোগ নিরসন, বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ, বন্দরনগরীর অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির ঘোষিত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করা হবে।

