নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ডাকাতি জোরারগঞ্জ পুলিশের অভিযানে ৭ জন গ্রেপ্তার
নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ডাকাতি জোরারগঞ্জ পুলিশের অভিযানে ৭ জন গ্রেপ্তার
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে ইকোনমিক জোনের নির্মাণাধীন একটি কারখানায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩২ ঘণ্টার টানা ও শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তঃসম্পৃক্ত একটি ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযানে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তাদের মধ্যে এমদাদুল হক প্রকাশ এমরানের বিরুদ্ধে তিনটি এবং মো. রাকিবের বিরুদ্ধে একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা জোরারগঞ্জ থানায় মুলতবি রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত ইউসুফ প্রকাশ ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ২টা থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে জোরারগঞ্জ থানাধীন মীরসরাই ইকোনমিক জোনে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় হানা দেয় ১০ থেকে ১৫ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল। গভীর রাতে নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে ডাকাতরা কারখানায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় ডাকাত দলের সদস্যরা নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তারা কারখানার ভেতর থেকে তিনটি মোবাইল ফোন, আনুমানিক ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। অস্ত্রধারী ডাকাতদের তাণ্ডবে নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ তাৎক্ষণিকভাবে নড়েচড়ে বসে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা নং-৯, তারিখ ৯ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয়। মামলাটির তদন্তভার অর্পণ করা হয় জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদের ওপর।
ঘটনার সংবাদ পাওয়ার পর চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায়, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী-এর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মীরসরাই ইকোনমিক জোন, আশপাশের এলাকা এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান আরও জোরদার করে। দীর্ঘ ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর অবশেষে মীরসরাই ইকোনমিক জোন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১) ও এমদাদুল হক প্রকাশ এমরান (২৮)-এর দেওয়া তথ্য ও দেখানো মতে গত ১০ আগস্ট ২০২৬ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের এ অভিযানে শুধু লুণ্ঠিত মালামাল উদ্ধারের মধ্যেই অভিযান সীমাবদ্ধ থাকেনি; ডাকাত দলের অন্যান্য সদস্যদের শনাক্ত এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেও তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদী হাসান (২৩), পিতা-মৃত নুরুল আফছার, মাতা-জরিনা বেগম, সাং-পূর্ব হিঙ্গুলী মেহেদীনগর, মেহেদীনগর। মো. রাকিব (২১), পিতা-হারুন অর রশিদ, মাতা-কুলসুম আক্তার, সাং-খিলমুরারী (হোসেন ড্রাইভার বাড়ি), জোরারগঞ্জ ইউনিয়ন। সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), পিতা-মো. সিরাজ মিয়া, মাতা-বিলকিস বেগম, সাং-মেহেদীনগর (জিদু মিয়ার বাড়ি), হিঙ্গুলী ইউনিয়ন। এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), পিতা-মৃত ওবায়দুল হক, মাতা-ফিরোজা বেগম, সাং-মেহেদীনগর (ওবায়দুল হকের বাড়ি), হিঙ্গুলী ইউনিয়ন। মিজান উদ্দিন (৩২), পিতা-আব্দুল মন্নান, মাতা-হালিমা খাতুন, সাং-ঘোড়ামারা (কালাপানি), করেরহাট ইউনিয়ন। মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪), পিতা-হারুন অর রশিদ, মাতা-খালেদা আক্তার, সাং-পূর্ব হিঙ্গুলী (দুবাই হারুনের বাড়ি), হিঙ্গুলী ইউনিয়ন এবং ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬), পিতা-আবুল কাশেম, মাতা-সলিমা বেগম, সাং-মেহেদীনগর (জলিল মিস্ত্রি বাড়ি), হিঙ্গুলী ইউনিয়ন, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত ৭ জনকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত গ্রেপ্তারকৃত ইউসুফ প্রকাশ ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।
এদিকে গ্রেপ্তারকৃত এমদাদুল হক প্রকাশ এমরানের বিরুদ্ধে তিনটি এবং মো. রাকিবের বিরুদ্ধে একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা জোরারগঞ্জ থানায় মুলতবি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জোরারগঞ্জ থানা পুলিশের এ অভিযানে ইকোনমিক জোনের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে সংঘটিত ডাকাতির ঘটনায় দ্রুততার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা স্পষ্ট হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

