বাঁশখালীতে ৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ
বাঁশখালীতে ৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হরনেট মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে বাঁশখালী থানাধীন চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার মহাজনঘাটাস্থ শ্যামল দাশের চা দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে একটি ধূসর ও টিয়া রঙের হরনেট মোটরসাইকেলের গতিরোধ করে চালক ও আরোহীকে তল্লাশি চালায়।
তল্লাশিকালে মোটরসাইকেলটির চালক মো. পারভেজ মোশারফ ওরফে পারভেজ (২৫) এবং আরোহী খোরশেদুল আলম (২৪)-এর কাছ থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার পারভেজ মোশারফ কক্সবাজার জেলার পেকুয়া থানার শীলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অপর গ্রেপ্তার খোরশেদুল আলম একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তবে ইয়াবার চালানটির উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত মাদকচক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

